যুক্তরাষ্ট্রে যেসব কর্মীর নিয়োগকর্তার মাধ্যমে অবসরকালীন সঞ্চয় পরিকল্পনা নেই, তাদের জন্য নতুন ফেডারেল অবসর সঞ্চয় প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। TrumpIRA.gov নামের এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্বাধীন ঠিকাদার, খণ্ডকালীন কর্মী, ছোট ব্যবসার কর্মচারী ও স্বনিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন কম খরচের ইন্ডিভিজ্যুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট (IRA) সম্পর্কে তথ্য, তুলনা এবং নির্বাচনের সুযোগ পাবেন।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অধীনে পরিচালিত এই উদ্যোগটি ২০২৬ সালের ৩০ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে TrumpIRA.gov চালু হওয়ার কথা রয়েছে।
নতুন প্ল্যাটফর্মের অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা হলো ফেডারেল সরকারের Saver's Match। আইআরএসের তথ্য অনুযায়ী, ২০২৭ সাল থেকে যোগ্য নিম্ন ও মধ্যম আয়ের করদাতারা অবসর পরিকল্পনা বা IRA-তে নিজেদের অর্থ জমা করলে সরকার সেই সঞ্চয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ম্যাচ করতে পারে। বছরে সর্বোচ্চ ২ হাজার ডলারের যোগ্য অবদানের ওপর ৫০ শতাংশ হারে সর্বোচ্চ ১ হাজার ডলার পর্যন্ত এই ম্যাচ পাওয়া যেতে পারে।
তবে এ সুবিধা সবার জন্য স্বয়ংক্রিয় নয়। আয়, কর-ফাইলিং স্ট্যাটাস ও অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। ২০২৭ সালের জন্য এককভাবে কর দাখিলকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ হাজার ৫০০ ডলার MAGI পর্যন্ত কোনো হারে Saver's Match পাওয়ার সুযোগ থাকবে। যৌথভাবে কর দাখিলকারী বিবাহিত দম্পতির ক্ষেত্রে সীমা ৭১ হাজার ডলার এবং Head of Household-এর ক্ষেত্রে ৫৩ হাজার ২৫০ ডলার। আয় বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচের হার কমবে।
যোগ্যতার অন্যান্য শর্তের মধ্যে রয়েছে কর বছরের শেষে অন্তত ১৮ বছর বয়সী হওয়া, অন্য কারও ট্যাক্স রিটার্নে নির্ভরশীল হিসেবে দাবি না থাকা এবং যুক্তরাষ্ট্রের কর-বাসিন্দা হওয়া। শিক্ষার্থী হিসেবে নির্দিষ্ট আইনি সংজ্ঞার মধ্যে পড়লেও যোগ্যতার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকতে পারে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, ২০২৭ সালে অবদান রাখার সঙ্গে সঙ্গে Saver's Match-এর অর্থ হাতে পাওয়া যাবে না। আইআরএসের বর্তমান নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের অবদানের জন্য যোগ্য ব্যক্তি ২০২৮ সালে ২০২৭সালের ফেডারেল ট্যাক্স রিটার্ন দাখিলের সময় প্রয়োজনীয় ফর্ম ব্যবহার করে ম্যাচের জন্য দাবি করবেন। যোগ্যতা যাচাইয়ের পর ম্যাচের অর্থ নির্ধারিত অবসর অ্যাকাউন্টে জমা হবে।
TrumpIRA.gov-এর মাধ্যমে শুধু IRA খোলার তথ্য নয়, বরং বিভিন্ন যোগ্য IRA-এর খরচ, বিনিয়োগের সুযোগ ও অন্যান্য বৈশিষ্ট্য তুলনা করার সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর IRA-কে নির্দিষ্ট খরচ, স্বচ্ছতা ও বিনিয়োগের মানদণ্ড পূরণ করতে হবে। পরিকল্পনা অনুযায়ী, এসব অ্যাকাউন্টে কোনো ন্যূনতম অবদান বা ব্যালান্সের শর্ত থাকবে না এবং নির্দিষ্ট ধরনের বিনিয়োগের সুযোগ থাকবে। প্রশাসনিক ও অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে নেট এক্সপেন্স রেশিও ০.১৫ শতাংশের মধ্যে রাখার মানদণ্ডও নির্ধারণ করা হয়েছে।
এই উদ্যোগের প্রধান লক্ষ্য এমন কর্মীরা, যাদের কর্মস্থলে ৪০১ (কে) বা অনু-রূপ নিয়োগকর্তা-প্রদত্ত অবসর পরিকল্পনা নেই। বিশেষ করে স্বাধীন ঠিকাদার, খণ্ডকালীন কর্মী, ছোট ব্যবসার কর্মচারী ও স্বনিযুক্ত ব্যক্তিদের অবসর সঞ্চয়ে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
TrumpIRA.gov-এর উদাহরণ অনুযায়ী, ২৫ বছর বয়সে একজন কর্মী প্রতি মাসে প্রায় ১৬৫ ডলার সঞ্চয় করলে এবং বছরে সর্বোচ্চ ১ হাজার ডলারের Saver's Match পাওয়ার যোগ্য হলে, ৬ শতাংশ বার্ষিক রিটার্ন ধরে ৬৫ বছর বয়সে তার অবসর তহবিল প্রায় ৪ লাখ ৬৫ হাজার ডলারে পৌঁছাতে পারে। এর মধ্যে প্রায় ১ লাখ ৫৫ হাজার ডলার ফেডারেল ম্যাচ থেকে আসতে পারে। তবে এটি কেবল একটি উদাহরণভিত্তিক হিসাব; বিনিয়োগের নির্দিষ্ট রিটার্নের নিশ্চয়তা নয়।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে প্রথমে যোগ্য IRA-গুলোর খরচ ও বিনিয়োগের সুযোগ তুলনা করা যাবে। এরপর কর্মীরা নিজেদের জন্য উপযুক্ত অ্যাকাউন্ট নির্বাচন করে নিয়মিত অর্থ জমা করতে পারবেন। যোগ্য হলে পরবর্তী সময়ে Saver's Match-এর সুবিধাও পাওয়া যাবে।
ট্রেজারি বিভাগ ও আইআরএস এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। আইআরএস জানিয়েছে, Saver's Match ২০২৭ সালের অবদান থেকে কার্যকর হবে। ফলে ২০২৬ সালে এ সুবিধা পাওয়ার জন্য আলাদা করে অবদান রাখার প্রয়োজন নেই।
নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়োগকর্তা-ভিত্তিক অবসর পরিকল্পনার বাইরে থাকা লাখো কর্মীকে দীর্ঘমেয়াদি সঞ্চয়ে উৎসাহিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে IRA নির্বাচন বা অবদান রাখার আগে ব্যক্তিগত আয়, কর-পরিস্থিতি, বিনিয়োগের ঝুঁকি ও যোগ্যতার শর্ত ভালোভাবে যাচাই করা গুরুত্বপূর্ণ।