রমণী তোমার চোখের গহ্বর এত গভীর নয় যা নিয়ে আমি ভাবব,
কিংবা তোমার চোখ ছোট্ট হৃদয় নয় যেখানে নীল জল খেলা করে,
ভাবনার আকাশে ডানা মেলে ভেবে বসো না আমি সেখানে
ডুবতে যাব,
আমি রুদ্রতাপে পোড় খাওয়া এক নাবিক যে যখন তখন ঝাঁপ দেয় সাগরে।
তুমি কোনো দিকনির্দেশনার বাতিঘরও নও যাকে নিশানা করে নোঙর তুলব।
আমি চন্দ্র সূর্যের মিতালির আলোয় নিজেই নিজের পথ খুঁজে নিই।
আমায় তুমি ডেকো না তোমার বাহুবন্ধনে আবদ্ধ করার প্রত্যাশায়,
আমি থামি না কারও চোখের ইশারায়, আমি অগ্রযাত্রার পথিক সেই।
তবে আমি পুষ্পের হাসি হেসে স্বস্তি পাই কারও ভালোবাসার পূর্ণতায় ॥