সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা ইরানের : গোয়েন্দা প্রতিবেদনে তথ্য

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা ইরানের : গোয়েন্দা প্রতিবেদনে তথ্য

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের ওপর হামলার তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইরান। এমনকি যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনাও করছে দেশটি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো একটি গোয়েন্দা মেমোতে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংবাদমাধ্যমটির হাতে আসা ২৩ অক্টোবরের ওই মেমোতে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে মার্কিন দূতাবাসগুলোকে সতর্ক করার সুপারিশ করা হয়েছে।

এক পাতার ওই মেমোতে জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন মার্কিন কর্মকর্তাদের হত্যার সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে দূতাবাসের কর্মীদের দ্রুত অবহিত করার পরামর্শ দিয়েছেন। তবে হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু, পরিকল্পনার ধরন কিংবা মধ্যপ্রাচ্যের বাইরে কোন কোন দেশে হামলা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মেমোতে বলা হয়েছে, এ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঝুঁকিতে থাকা কর্মীদের সতর্ক করতে সংবেদনশীল তথ্যের গোপনীয়তার মাত্রা কমানোরও প্রস্তাব দিয়েছেন ক্লেটন।

মার্কিন কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন দূতাবাসের কর্মী কমানোর সিদ্ধান্তের পেছনে এই গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বাইরেও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে ওয়াশিংটন।

এর আগে চলতি সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাস এবং জেদ্দা ও দাহরানের কনস্যুলেট থেকে কর্মী ও তাদের পরিবারের সদস্যদের একটি বড় অংশকে সরে যাওয়ার নির্দেশ দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এ ছাড়া শুক্রবার (২৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাত, লেবানন, কাতার ও জর্ডানে মার্কিন দূতাবাসগুলোর কর্মীসংখ্যা কমানোর নির্দেশ দেওয়া হয়।

এক মার্কিন কর্মকর্তা জানান, হুতিদের সম্ভাব্য হামলা ও ইরানের কথিত হামলার পরিকল্পনার কারণে এসব দেশে শুধু জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মীদের রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে শুক্রবার ফ্লোরিডায় এক সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানে আবারও সীমিত পরিসরে ‘অপারেশন এপিক ফিউরি’ চালাতে পারে। তবে ইরান আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার সুযোগও পেতে পারে।

ট্রাম্প আরও বলেন, ইরান বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিলে আলোচনায় বসবে। তবে তেহরান সেই পথে হাঁটবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz