রবিবার, ১১ অক্টোবর ২০২৬

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
​আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ

বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ

বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি নিজের ভালোবাসার কথা আবারও প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও বাংলাদেশি সমর্থকদের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার বার্তা দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় রবিবার সকালে ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩-১ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসির গোলে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে মিক্সড জোনে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মার্টিনেজ। এ সময় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের মানুষের প্রতি নিজের বিশেষ অনুভূতির কথা তুলে ধরেন তিনি। বাংলাদেশ সফরের স্মৃতি মনে করে মার্টিনেজ বলেন, ‘বাংলাদেশে গিয়েছিলাম আমি। সত্যিই দেশটিকে ভালোবাসি।’

বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের উচ্ছ্বাসের প্রশংসা করে তিনি আরো বলেন, ‘আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি। তাদের সমর্থন আমি ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে দেখে, আমার অনেক ভালো লাগে। আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য।’

২০২৩ সালে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে লাখো সমর্থকের উচ্ছ্বাসে সিক্ত হয়েছিলেন মার্টিনেজ। সেই স্মৃতি এখনো ভোলেননি এই তারকা গোলরক্ষক।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz