অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরানে সৌদি প্রতিনিধিদল
ঠিকানা অনলাইন
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ২৩:১৫
•
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে সৌদি আরব। শুক্রবার (৩ জুলাই) সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে দেশটির প্রতিনিধিদল ইরানে এসে খামেনির প্রতি শ্রদ্ধা জানায়।
টাইমস অব ইসরায়েলে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের জন্য সাত দিনের অনুষ্ঠান কর্মসূচি দিয়েছে ইরান। সেখানে ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিদের যোগ দেওয়ার কথা রয়েছে।
এর আগে জানা গিয়েছিল, আমন্ত্রিত অধিকাংশ দেশের প্রতিনিধিরা গেলেও খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে কোনো প্রতিনিধি পাঠায়নি সৌদি আরব। আঞ্চলিক ও বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ এ সমাবেশে সৌদির অনুপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়। তবে সব আলোচনা-সমালোচনা শেষে ইরানে পৌঁছে খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছে সৌদির প্রতিনিধিদল।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চালানো হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় আলি খামেনির সঙ্গে তার পরিবারের একাধিক সদস্যও নিহত হন।