তোমাকে ভাবলে হরেক রকম ভাবনা আমাকে গ্রাস করে।
পৃথিবীর কোটি কোটি মানুষের থেকে তুমি আলাদা তুমি অনন্য।
খুব গভীরভাবে ভাবলে তুমি সাধারণ, আবার এই সাধারণের ভেতরেই তুমি অন্য রকম।
তোমাকে নিয়ে আমার ভেতর চিন্তার ময়নাতদন্ত চলে...
ক্রমাগত এই রোমন্থনের অবশেষ হয় না,
অদ্ভুত এক ঘূর্ণাবর্তের ঘোরে আমি ঘুরি।
মস্তিষ্কের নিউরনে নিঃসরিত সুখানুভূতির ডোপামিন আমি শুধু তোমার সাহচর্যে পাই।
এটা কি আমার সীমাবদ্ধতা নাকি তোমার রোমাঞ্চকর আকর্ষণ!
ভাবনার ব্যবচ্ছেদে উপলব্ধি করি শারীরিক সৌন্দর্যটাই মূল না, মূল আরো গভীরে...
যেখানে শরীরের চেয়ে মানসিক অনুভূতি প্রখর।
প্রচণ্ড তার ক্ষমতা, যার প্রভাব প্রায়ই আমায় ঘুমাতে দেয় না।
প্রতিদিন প্রতি ক্ষণ-অনুক্ষণ তুমি আমার উপলব্ধিতে অনুভূতিতে কল্পনায় উপস্থিত থাকো।
এই তোমার জন্য করতে পারি অনেক কিছুই হেলাফেলা, যে আমি এলিট সমাজে অবহেলিত
সেই আমি তোমার রাঙা মুখের রাঙা ওষ্ঠের অপরূপ সৌন্দর্যমণ্ডিত কালো তিলের জন্য কাশ্মীর আর সুইজারল্যান্ডের সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যকে অবলীলায় করি অবহেলা।