প্রবাসের অন্যতম আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু করেছে। গত ২ অক্টোবর শুক্রবার বিকালে জ্যামাইকার ইলহাম একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এই শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম নতুন শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং প্রচার ও গণসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিশু ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন। শিশুদের মধ্যে বাংলা ভাষা শেখার ব্যাপারে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। বাংলা বর্ণমালা, পড়া, লেখা এবং শুদ্ধভাবে বাংলা বলার প্রতি তাদের উৎসাহ উপস্থিত অভিভাবক ও আয়োজকদের মধ্যে আশাবাদ সৃষ্টি করে।
অনুষ্ঠানে অংশ নেওয়া অভিভাবকেরাও এ ধরনের উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তাদের মতে, আমেরিকার মতো একটি দেশে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত শিশুদের জন্য বাংলা ভাষা শেখার সুযোগ তৈরি করা সময়ের দাবি। পরিবারে বাংলা ভাষার ব্যবহার থাকলেও প্রাতিষ্ঠানিক শিক্ষা ও নিয়মিত চর্চার সুযোগ না থাকায় অনেক শিশুই বাংলা পড়া ও লেখায় পিছিয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের বহুসাংস্কৃতিক সমাজে নতুন প্রজন্মের প্রধান শিক্ষা ও যোগাযোগের ভাষা ইংরেজি। ফলে বাংলা ভাষার সঙ্গে তাদের সম্পর্ক অনেক ক্ষেত্রেই কেবল ঘরোয়া কথোপকথনের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। এই বাস্তবতায় বাংলা স্কুলগুলো নতুন প্রজন্মকে মাতৃভাষার সঙ্গে সুসংগঠিতভাবে পরিচিত করার পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত করার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে।
বাংলা ভাষায় দক্ষতা শিশুদের বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি এবং বাংলাদেশে থাকা আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও গভীর করতেও সহায়তা করে। একই সঙ্গে মাতৃভাষা জানা তাদের নিজস্ব পরিচয় ও শিকড় সম্পর্কে সচেতন করে তোলে।
উদ্বোধনী আয়োজনে শিশুদের উপস্থিতি এবং বাংলা শেখার প্রতি তাদের আগ্রহ ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। অভিভাবকেরাও সন্তানদের বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখতে বাংলাদেশ সোসাইটির এই উদ্যোগের প্রশংসা করেন।
বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জ্যামাইকায় বাংলা স্কুলের নতুন শাখা চালুর মাধ্যমে সংগঠনটির বাংলা শিক্ষা কার্যক্রম আরও বিস্তৃত হলো।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই শাখা জ্যামাইকা ও আশপাশের এলাকার বাংলাদেশি পরিবারের শিশুদের নিয়মিত বাংলা শেখার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে এবং প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সংস্কৃতি ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল মিয়া এনাম, বাংলাদেশ সোসাইটির স্কুল ও শিক্ষা সম্পাদক হাসান জিলানী, ইলহাম একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ইমাম মুহাম্মদ শহীদুল্লাহ, শ্রীচিন্ময় সেন্টারের দিমা নেফারতিতি প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সোসাইটির ট্রাস্ট্রি আজিমুর রহমান বোরহান, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও আহসান হাবীব, বর্তমান সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সাবেক সহ-সভাপতি ফারুক হোসেন মজুমদার, ডিউক খান, আবুল কাশেম চৌধুরী, রোমানা আহমেদ প্রমুখ।



