সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের সতর্ক অবস্থান, যান চলাচল স্বাভাবিক • বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা • ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর • ইরানে পারমাণবিক হামলা চালাতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: টাকার কার্লসন • শ্রমিক বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন, আটক ১ • পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের • পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী • ভারতের মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতায় নিহত ৫ • মধ্যবর্তী নির্বাচন ও মার্কিন রাজনীতির ইতিহাস • গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৯

ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৯

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি আবাসিক এলাকায় ব্যবসায়িক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ভেতরে থাকা নয়জনের সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি।

স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে পাম বিচ কাউন্টির ক্রেস্টহেভেন এলাকার কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এলাকাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। খবর বিবিসির। 

দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবিতে সড়কে বড় গর্ত, আগুনের চিহ্ন এবং উড়োজাহাজের ভাঙা অংশ ও কংক্রিটের ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন ও ফ্লাইটের গতিপথ বিশ্লেষণে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজটি প্রতি সেকেন্ডে কয়েক শ ফুট গতিতে নিচে নামছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অযাচাইকৃত ভিডিওতে দুর্ঘটনার মুহূর্ত ধারণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গাড়ির ড্যাশক্যামেরায় ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, একটি আবাসিক সড়ক দিয়ে গাড়ি চলাচলের সময় উড়োজাহাজটি প্রায় খাড়াভাবে মাটির দিকে নেমে এসে আছড়ে পড়ে। এরপরই ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের গোলা তৈরি হয়।

দুর্ঘটনার পর সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস বলেন, ভিডিওটি দেখলে শিউরে উঠতে হয়। মনে হয়, যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। এরপর বিশাল বিস্ফোরণ ঘটে এবং চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

উড়োজাহাজটিতে কারা ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ডেস্যান্টিস জানিয়েছেন, এখন পর্যন্ত মাটিতে থাকা কোনো ব্যক্তির নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পরিবহনমন্ত্রী শন ডাফি দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ মর্মান্তিক ঘটনা’ বলে উল্লেখ করেছেন। তদন্তে সহায়তার জন্য এফএএর একটি দল ঘটনাস্থলে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। দুর্ঘটনায় নিহতদের স্বজনদের জন্য প্রার্থনা করার আহ্বান জানান ডাফি।

পাম বিচ কাউন্টি ফায়ার রেসকিউ ঘটনাটিকে ‘গণহতাহতের জরুরি পরিস্থিতি’ হিসেবে ঘোষণা করেছে। কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ছয় লেনের সামরিক ট্রেইল নামের একটি সড়কে দুর্ঘটনাটি ঘটে। সড়কটির পাশে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও খাবারের দোকান রয়েছে।

সংবাদ সম্মেলনে গভর্নর ও স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থলের কাছের একটি মোবাইল হোম পার্ক এলাকা থেকে প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে। উড়োজাহাজটি আছড়ে পড়ায় স্থানীয় অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। পানির সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কটি পুনরায় চালু করতে অন্তত ৩০ দিন লাগতে পারে।

দুর্ঘটনার সময় ওই এলাকায় বজ্রঝড়ের খবর পাওয়া গিয়েছিল। সংবাদ সম্মেলনের সময়ও সেখানে ভারি বৃষ্টি হচ্ছিল।

দুর্ঘটনার দিন সকালে মার-আ-লাগোতে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার প্রায় এক ঘণ্টা আগে কাছের একটি বিমানবন্দর থেকে এয়ার ফোর্স ওয়ানে করে তিনি সেখান থেকে চলে যান।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz