ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক
ঠিকানা অনলাইন
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০১:৩১
•
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ক্ষমতাবলে রোববার (১৪ জুন) এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আমানতকারীদের আস্থা ফেরাতে এবং ব্যাংকের আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে শিগগিরই ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের মাধ্যমে একটি নতুন পেশাদার পরিচালনা পর্ষদ গঠন করা হবে।