শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

​জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
গত জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগে এ সময় গ্রেপ্তার করা হয়েছে ১৯১ জনকে। ১১ আগস্ট (মঙ্গলবার) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪ কেজি ২৫৪ গ্রাম সোনা, ২১৬টি হীরার নাকফুল, ৭ কেজি ৯৩০ গ্রাম রুপা, ১৩ হাজার ৬৩টি শাড়ি, ২ হাজার ৭১০টি থ্রি-পিস, চাদর ও কম্বল, ৮ হাজার ৮৮৬টি তৈরি পোশাক, ২ হাজার ৪১৬ মিটার কাপড়, ১৫ হাজার ৫২৭টি ইমিটেশন গয়না, ৩ লাখ ২ হাজার ৩৯৪টি কসমেটিকস, ৮ লাখ ৬৪ হাজার ৩৫৬টি আতশবাজি, ১ হাজার ৭৫১ ঘনফুট কাঠ, ২ লাখ ২১ হাজার ৯০ কেজি কয়লা, ৪৭ হাজার ৭৭৬ কেজি জিরা, ৪২ হাজার ৯৩১ কেজি রসুন, ১৩ হাজার ৩২৯ কেজি চিনি, ৬ হাজার ৪৪৬ কেজি চা পাতা ও ১২ হাজার ৪৮৬ কেজি সার।

এ ছাড়া ৬২৪টি মুঠোফোন, ৪ হাজার ৩৬০টি মুঠোফোনের ডিসপ্লে, ৩৬ হাজার ১৭০ পিস মোবাইল যন্ত্রাংশ, ২০ হাজার চিকিৎসা সরঞ্জাম, ৭১ হাজার ৪০০ পিস ব্লেড ও ৩ হাজার ৭০০টি চশমা জব্দ করা হয়েছে।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা অন্য মালামালের মধ্যে রয়েছে ১৭ হাজার ৪৭৯ কেজি কারেন্ট জাল, ৩৬৭ লিটার ভোজ্য ও জ্বালানি তেল, ১ হাজার ৮১৮ প্যাকেট কীটনাশক, ৬ লাখ ৯৪ হাজার ১৭ পিস ওষুধ, ১ কেজি ৭০ গ্রাম সাপের বিষ, ৯টি কষ্টিপাথর, ১২টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৮টি পিকআপ, ৩টি প্রাইভেট কার, ৬টি ট্রলি, ৫৫টি সিএনজি, ইজিবাইক ও অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ৪৭টি বাইসাইকেল ও ভ্যান এবং ১২৭টি নৌকা।

অস্ত্রের মধ্যে রয়েছে ৯টি দেশি ও বিদেশি পিস্তল, ১টি রাইফেল, ৫টি ম্যাগাজিন ও ৬০ রাউন্ড গোলাবারুদ এবং সাতটি অন্যান্য অস্ত্র।

মাদক উদ্ধারের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক মাসে ২১ লাখ ১০ হাজার ২৫৮টি ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৭১ গ্রাম হেরোইন, ১ হাজার ২৪৩ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৫২৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ৬৩৯ লিটার বাংলা মদ, ৭৫৪ ক্যান বিয়ার, ১ হাজার ৮০৬ কেজি গাঁজা, ২ লাখ ৫৮ হাজার ৩৮৬টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ১ লাখ ১৯ হাজার ১৪১ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ১৬ হাজার ৫৮০ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩১ জন বাংলাদেশি নাগরিক, ৩ জন ভারতীয় নাগরিক ও ৮১ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz