মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

যুদ্ধের আগুনে জ্বলছে বিশ্ব : বাজেটের আগুনে বাংলাদেশ

যুদ্ধের আগুনে জ্বলছে বিশ্ব : বাজেটের আগুনে বাংলাদেশ

বিজ্ঞাপন
আমরা এখন বিশ্ব পল্লির নাগরিক। এই পরিচয়ে যেমন অহংকার আছে, জ্বালাও কম নেই। অবশ্য সাধারণ মানুষ যারা শ্রম বিক্রি করে যায়, যাদের শরীরে খেটে খাওয়ার মতো বল আছে, মাথায় বুদ্ধি থাকলেও খরচ করার সুযোগ নেই, তাদের কথা আলাদা। মার যত পড়ে, সব তাদের গায়ে। আদরের ভাগ, অর্থাৎ সুযোগ-সুবিধা, সব বড়লোকদের ভাগে। এ কোনো দর্শন নয়, কথার মারপ্যাঁচও নয়। এ এক সরল বাস্তবতা। পশুকে মানুষ বলে আদর করলে যেমন পশু মানুষ হয় না; মানুষকে পশু বললেও পশু হয় না বটে, জীবন-যাপন তাদের অনেকটা খেটে খাওয়া পশুর মতোই।

বিশ্বের যে কোনাতেই যুদ্ধ লাগুক, তাতে হার-জিত যারই হোক, বিশ্ববাজারে সেই যুদ্ধের পরিণতিতে আগুন লেগে যায়। পকেট পোড়ে কার? না, যারা ব্যবসা-বাণিজ্য করে মুনাফা করে, বড়লোক, তাদের পকেট পোড়ে না। তাদের পকেট আরও ভারী হয়। কারও বাড়িতে আগুন লাগলে যেমন কারও কারও আলু পোড়া খাওয়ার সুযোগ হয়, তেমনি ধনিক শ্রেণি যুদ্ধের বাজারে আগুন লাগিয়ে দেয়। মুনাফা তাদের ঘরে যায়, আর পকেট জ্বলে ভস্ম হয় সাধারণ মানুষ, যাদের নির্দিষ্ট আয়, যারা নিম্ন আয়ের মানুষ, তাদের জীবনে নাভিশ্বাস ওঠে।

বিশ্বের মধ্য আয় থেকে নিম্ন আয়ের মানুষ জ্বলছে মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে। বাংলাদেশের মানুষ ‘মড়ার উপর খাড়ার ঘা’র মতো একদিকে যুদ্ধ, অন্যদিকে জ্বলছে বাজেটের আগুনে। বাংলাদেশের গরিব-দুঃখী মানুষের এই এক নিয়তি। বাজেট সংবার্ষিক বিষয়। প্রতিযোগিতা হয় পূর্বের বাজেটের পরিমাণ ছাড়িয়ে যাওয়ার। এবারও সেই ছাড়িয়ে যাওয়া প্রতিযোগিতায় বাজেট পাস হয়েছে। সর্বকালের সর্বাপেক্ষা বৃহৎ বাজেট, যার আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বাজেটের লক্ষ্য থাকে দেশের মানুষের জীবনমানের উন্নয়ন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, রাষ্ট্রের আয়-ব্যয়ের খতিয়ান। কোন কোন খাত থেকে আয় হবে, আর কিসে কিসে হবে ব্যয়। আয়-ব্যয়ের ভারসাম্যে সুন্দর চলে সংসার। ঠিক তেমনিভাবে আয়-ব্যয়ের ভারসাম্যে সুন্দরভাবে চলে রাষ্ট্র। আয়-ব্যয়ে ঘাটতি হলেই সবকিছু এলোমেলো হয়ে যায়। আয়-ব্যয়ের ঘাটতি অল্প হলে রাষ্ট্রও ম্যানেজ করে চলতে পারে। সংসারও হিসাব-নিকাশের কিছু হেরফের করে চালিয়ে নেওয়া যায়।

আমরা ক্ষুদ্র মানুষ। আদার বেপারি। জাহাজের খবর রেখে আমাদের কোনো লাভ হবে না। কিন্তু যুদ্ধে যখন আগুন লাগে, তখন বুঝতে পারি, দুনিয়াটা ভালো নেই। বাজেটের আগুনে যখন আমরা পুড়ি, তখন বুঝতে পারি আমরা ভালো নেই। মানে বাংলাদেশ ভালো নেই। আমরা যারা প্রবাসী, তাদের জ্বালা দ্বিগুণ। যুদ্ধের কারণে আমেরিকার বাজারে দাম বেড়েছে এতটাই যে পকেটে হাত দিলে হাত পুড়ে যায়। আবার যুদ্ধ ও বাজেটের কারণে জ্বলছে স্বদেশের স্বজনেরা। প্রবাসে নির্দিষ্ট আয়ের মানুষই গরিষ্ঠ। দু-একটা পেশার মানুষের আয় নির্দিষ্ট নয়। একটু বেশি কাজ করলে বেশি আয় করা যায়। তাতেও তো শারীরিক কষ্ট বাড়ে।

মানুষের জীবনের নির্মম পরিহাস হচ্ছে, সবকিছু করা হয় মানুষের, বিশ্বের শান্তি, স্বস্তি, মঙ্গলের নামে। কিন্তু যুদ্ধ শান্তি, সভ্যতা ধ্বংস করে। মানুষকে নিঃস্ব করে পথে বসায়। বাংলাদেশের মানুষ যুদ্ধের আগুনে জ্বলার পাশাপাশি প্রতিবছর জ্বলে বাজেটের আগুনে। এ আগুন কোনো দিন থামবে কি না কে জানে।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz