অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৈঠকগুলোতে সামরিক প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, দুর্যোগ মোকাবিলা এবং শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের বিষয় গুরুত্ব পেয়েছে।
‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ল্যান্ড ডিফেন্স এক্সপোজিশন অ্যান্ড চিফ অব আর্মি সিম্পোজিয়াম ২০২৬’-এ অংশ নিতে বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন সেনাপ্রধান। সফরের অংশ হিসেবে ৫ অক্টোবর তিনি অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভাওয়েলের সঙ্গে বৈঠক করেন।
ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক-এর ডেপুটি কমান্ডিং জেনারেল Lt Gen Joel B Vowell এর সাথে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক
অস্ট্রেলিয়ান সেনাপ্রধানের সঙ্গে আলোচনায় দুই দেশের সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রম স্থান পায়। সুসান কয়েল বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের প্রশংসা করেন। ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার ওপর উভয় পক্ষ গুরুত্ব দেয়।
যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেলের সঙ্গে বৈঠকে দুই সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও তথ্য বিনিময় বাড়ানোর পাশাপাশি দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। এ লক্ষ্যে ‘ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ’ আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান Lt Gen Susan Coyle এর সাথে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পৃথক দ্বিপাক্ষিক বৈঠক
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ‘গ্লোবাল পিস অপারেশনস ইনিশিয়েটিভ’-এর অর্থায়নে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে প্রশিক্ষণ কোর্স চালু এবং বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের বিভিন্ন কোর্সে যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
সেনাপ্রধানের এ বৈঠকগুলো বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ ও শান্তিরক্ষা সক্ষমতা উন্নয়নে চলমান সম্পর্ককে আরও সম্প্রসারণের সুযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ঠিকানা/এসআর