রবিবার, ১১ অক্টোবর ২০২৬

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

এবার মোবাইল অপারেটর হতে চায় স্পেসএক্স

এবার মোবাইল অপারেটর হতে চায় স্পেসএক্স

বিজ্ঞাপন
স্টারলিংকের মাধ্যমে এবার মার্কিন বাজারে প্রধান মোবাইল অপারেটর হিসেবে আত্মপ্রকাশ করার পরিকল্পনা ঘোষণা করেছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা কোম্পানি স্পেসএক্স।
এ লক্ষ্যে পৌঁছাতে ‘গ্রেইন ম্যানেজমেন্ট’-এর যুক্তরাষ্ট্রজুড়ে ৮০০ মেগাহার্টজ স্পেকট্রাম পোর্টফোলিওর শতভাগ অধিগ্রহণের চুক্তি করেছে কোম্পানিটি।
স্পেসএক্স বলেছে, অধিগ্রহণটি ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের জোড়াওয়ালা স্পেকট্রামের ১৪ মেগাহার্টজ পর্যন্ত ‘লো-ব্যান্ড স্পেকট্রাম লাইসেন্স পোর্টফোলিও’র জন্য করা হয়েছে।

তবে এটা এখনও মার্কিন ‘ফেডারেল কমিউনিকেশনস কমিশন’ বা এফসিসি’র অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
স্পেসএক্সের ভাষ্য, এই লো-ব্যান্ড স্পেকট্রামের নাগাল পেলে যুক্তরাষ্ট্রে স্টারলিংককে বড় মাপের মোবাইল অপারেটর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রধান ‘প্রযুক্তিগত বাধা’ দূর হবে।

গেল বছরের শেষ দিকে ‘ইকোস্টার’-এর কাছ থেকেও স্পেকট্রাম লাইসেন্স অধিগ্রহণ করেছিল স্পেসএক্স, যার মধ্যে মোবাইল ও স্যাটেলাইট যোগাযোগের মতো বাণিজ্যিক ওয়্যারলেস সেবার জন্য যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ফ্রিকোয়েন্সিগুলোও অন্তর্ভুক্ত ছিল।

এ বিশেষ লো-ব্যান্ড স্পেকট্রাম অধিগ্রহণের ফলে স্টারলিংক মোবাইলের সিগনাল দেয়াল ও অন্যান্য বাধা অতিক্রম করতে পারবে।

অন্যান্য প্রতিষ্ঠিত অপারেটরদের কাছে বিস্তৃত পরিসরের ব্যান্ড থাকলেও এটা কোম্পানিটিকে তাদের সেবার শক্তিশালী ও বাস্তবসম্মত বিকল্প হিসেবে গড়ে তোলার সুযোগ করে দেবে।

এ ছাড়া, বেশিরভাগ মোবাইল ডিভাইসই ব্যান্ডটি সমর্থন করায়, গ্রাহকদের ফোনের ধরন যাই হোক না কেন স্পেসএক্স লাখ লাখ সম্ভাব্য গ্রাহককে তাদের সেবা দিতে পারবে।

এরই মাধ্যমে মহাকাশ থেকে সরাসরি মোবাইল নেটওয়ার্ক দেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল মাস্কের স্পেসএক্স।
গ্রেইন ম্যানেজমেন্টের কাছ থেকে নতুন স্পেকট্রাম অধিগ্রহণের পর কোম্পানিটি বলেছে, তাদের নতুন এই লো-ব্যান্ড স্পেকট্রাম ও দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট কনস্টেলেশনের মাধ্যমে স্টারলিংক মোবাইলই হতে যাচ্ছে বিশ্বের প্রথম নেটওয়ার্ক অপারেটর, যা একইসঙ্গে স্যাটেলাইট ও টেরেস্ট্রিয়াল বা ভূমির ওপর ভিত্তি করে তৈরি উভয় স্পেকট্রাম মোতায়েন করবে।

স্পেসএক্সের ঘোষণা অনুসারে, নতুন অধিগ্রহণের ফলে ঘরের ভেতরেও নির্ভরযোগ্য সেবা দিতে পারবে স্টারলিংক।
অন্যদিকে, স্টারলিংকের ব্রডব্যান্ড ইন্টারনেট দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলেও গ্রাহকদের নিরবচ্ছিন্ন সিগনাল নিশ্চিত করবে।

সম্প্রতি এফসিসি স্পেসএক্সকে ২ গিগাহার্টজ স্পেকট্রামের জন্য বিশেষভাবে অপ্টিমাইজ করা ১৫ হাজার স্টারলিংক মোবাইল জেন২ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের অনুমোদন দিয়েছে।

কোম্পানির দাবি, এসব নতুন স্যাটেলাইট তাদের বর্তমান প্রজন্মের স্যাটেলাইটের তুলনায় ১০০ গুণ ব্যান্ডউইথ সরবরাহ দিতে পারবে। ফলে বিশ্বের আরও অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া স্পেসএক্সের জন্য সহজ হবে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz