সিন্ডিকেট সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : নাহিদ ইসলাম
ঠিকানা অনলাইন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১৮:২৭
•
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
সারা বাংলাদেশে সিন্ডিকেট সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ অক্টোবর) আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে গণবিক্ষোভ কর্মসূচি উপলক্ষে এনসিপির সপ্তাহব্যাপী গণসংযোগ শুরুর পূর্বে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কারওয়ান বাজার দিয়ে গণসংযোগ শুরু করেছি, এর একটি বিশেষ কারণ আছে। কারণ, এই কারওয়ান বাজার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও কাঁচাবাজারের একটি কেন্দ্র। এখানে আমরা বিভিন্ন সময় চাঁদাবাজি ও দখলদারিত্বের কথা শুনে আসছি। কয়েক মাস আগেও কারওয়ান বাজারের ব্যবসায়ীরা চাঁদাবাজদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছিলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি খুবই খারাপ। বিশেষ করে চারটি বিষয় সবার নজরে এসেছে—আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নজিরবিহীন দলীয়করণ।দেশের সন্ত্রাস ও মাদককারবারীদের ঠেকানো যাচ্ছে না, অন্যদিকে সাধারণ মানুষের ওপরে এবং বিরোধীদলের ওপর কিন্তু দমনপীড়ন চলছে। এই সবকিছুর বিরুদ্ধে আগামী ৩০ অক্টোবর আমাদের গণবিক্ষোভ কর্মসূচি।
তিনি আরও বলেন, সাংবাদিক ও বিরোধীদলের ওপর দমনপীড়ন চলছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে দেশে কোনো গণমাধ্যমের স্বাধীনতা নেই।