বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
নিউইয়র্কে ৫০তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় রাষ্ট্রীয় স্বীকৃতি ও জাতীয় পদক প্রবর্তনের দাবি

মওলানা ভাসানী এখন আর রাজনীতিক নন, তিনি একটি আদর্শে পরিণত হয়েছেন: জহির উদ্দিন স্বপন

মওলানা ভাসানী এখন আর রাজনীতিক নন, তিনি একটি আদর্শে পরিণত হয়েছেন: জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। ছবি: ইউএনএ’র সৌজন্যে

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী এখন আর কেবল একজন রাজনীতিক নন, তিনি একটি আদর্শে পরিণত হয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি ছিলেন সব দলের নেতাদের অভিভাবক। তাঁর রাজনৈতিক দর্শন, চিন্তাচেতনা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হয়ে থাকবে।
গত ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টের পার্টি হলে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘মওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নিউইয়র্কের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
জহির উদ্দিন স্বপন বলেন, মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর চিন্তা ও দর্শন বাংলাদেশের সব রাজনৈতিক দলের জন্য অনুসরণীয় হতে পারে। তিনি ক্ষমতার চেয়ে মানুষের অধিকার, ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠাকে বেশি গুরুত্ব দিয়েছেন।
ভাসানীর রাজনৈতিক উত্তরাধিকার প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর রাজনৈতিক দর্শনের অনুসারী ছিলেন। তাঁদের উত্তরসূরি হিসেবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই আদর্শ সমুন্নত রাখার চেষ্টা করছেন।
তিনি বলেন, ‘মওলানার ধানের শীষ, বিএনপির ধানের শীষ।’ ভাসানীর রাজনৈতিক ঐতিহ্য ও গণমানুষের প্রতি দায়বদ্ধতার ধারাবাহিকতা বিএনপি বহন করছে বলে তিনি মন্তব্য করেন।
জহির উদ্দিন স্বপন মওলানা ভাসানীর জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে ব্যাপক গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভাসানীকে শুধু স্মরণ করলেই চলবে না; তাঁর বুদ্ধিবৃত্তিক চিন্তা, রাজনৈতিক কর্মকাণ্ড ও সমাজদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে গবেষক, ইতিহাসবিদ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে তিনি মওলানা ভাসানী ফাউন্ডেশন ইউএসএর ওয়েবসাইট উদ্বোধন করেন এবং সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করেন।
ফাউন্ডেশনের সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) কেন্দ্রীয় মহাসচিব কাজী মোহাম্মদ নাহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক কমিটির সদস্যসচিব এস এম ফেরদৌস।
সভায় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর মওলানা ভাসানীর রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্মৃতি সংরক্ষণসহ আট দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি পাঠ করেন। দাবিগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্মারকলিপির একটি অনুলিপি জহির উদ্দিন স্বপনের হাতে তুলে দেওয়া হয়।
স্মারকলিপিতে মওলানা ভাসানীর মৃত্যুদিন ১৭ নভেম্বরকে জাতীয় দিবস ঘোষণা, স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা তাঁর নামে নামকরণ এবং মওলানা ভাসানী আন্তর্জাতিক গবেষণা ও স্মৃতিকেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
এ ছাড়া জাতীয় শিক্ষাক্রমে তাঁর জীবন ও রাজনৈতিক দর্শন অন্তর্ভুক্ত করা, রাষ্ট্রীয়ভাবে জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন, আন্তর্জাতিক পরিসরে তাঁর অবদান তুলে ধরার উদ্যোগ গ্রহণ এবং জাতীয় পর্যায়ে ‘মওলানা ভাসানী পদক’ প্রবর্তনের দাবি জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মওলানা ভাসানী ছিলেন উপমহাদেশের এক ব্যতিক্রমী রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি রাষ্ট্রক্ষমতায় না থেকেও রাজনৈতিক সিদ্ধান্ত ও গণআন্দোলনে গভীর প্রভাব বিস্তার করেছিলেন। গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে তাঁর ভূমিকা তাঁকে ‘মজলুম জননেতা’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তাঁরা বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ইতিহাসে ভাসানীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ধারার নেতারা তাঁকে সম্মানের চোখে দেখতেন। বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় তাঁর গণমুখী রাজনৈতিক দর্শন বিশেষভাবে প্রাসঙ্গিক বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক ও লেখক মনজুর আহমদ, ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মঈনুদ্দীন নাসের, সিনিয়র সাংবাদিক তাসের মাহমুদ, সাংবাদিক ও লেখক সাঈদ তারেক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এপিএস আজিজুর রহমান, রাজনীতিক গিয়াস আহমেদ, ফাউন্ডেশনের সহসভাপতি মোস্তফা করিম ফরিদ এবং নতুন প্রজন্মের প্রতিনিধি সাইফান নিহান।
সভাপতির বক্তব্যে আলী ইমাম শিকদার মওলানা ভাসানীর স্মৃতি সংরক্ষণ ও আদর্শ প্রচারে প্রবাসীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি জহির উদ্দিন স্বপনকে ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হওয়ার প্রস্তাব দিলে স্বপন তা গ্রহণ করেন।
এ সময় জহির উদ্দিন স্বপন ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন, আলী ইমামসহ তৎকালীন ছাত্রনেতাদের অনেকে তাঁদের রাজনৈতিক পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি আলী ইমামকে নিজের রাজনৈতিক জীবনের একজন নেতা হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। মওলানা ভাসানীকে নিয়ে প্রয়াত আতিকুর রহমান সালুর লেখা কবিতা আবৃত্তি করেন আয়োজক কমিটির আহ্বায়ক এম এ সাদেক। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ইমাম কাজী কাইয়্যুম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বাংলাদেশ সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং রাজনীতিক জসিম ভূঁইয়া।
এ ছাড়া ফাউন্ডেশনের উপদেষ্টা এবিএম ওসমান গনি, আবু তালেব চৌধুরী চান্দু, শেখ সিরাজুল ইসলাম, সহসভাপতি কাজী আযম, হাবিবুর রহমান সেলিম রেজাসহ প্রবাসী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, মওলানা ভাসানীর রাজনৈতিক দর্শন, ঐতিহাসিক ভূমিকা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ফাউন্ডেশন ভবিষ্যতেও গবেষণা, প্রকাশনা ও আলোচনা কার্যক্রম অব্যাহত রাখবে। - খবর ইউএনএ। 

ঠিকানা/শই


 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz