বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ডিসেম্বরে দেশে ফেরার দাবি আওয়ামী লীগ নেতাদের, প্রবাসীদের সহযোগিতা চাইলেন শেখ হাসিনা

ডিসেম্বরে দেশে ফেরার দাবি আওয়ামী লীগ নেতাদের, প্রবাসীদের সহযোগিতা চাইলেন শেখ হাসিনা

ভারতের নয়াদিল্লি থেকে টেলিফোনে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষের আজ হাহাকার চরমে। দ্রব্যমূল্য আকাশচুম্বী। আইনশৃঙ্খলা বলতে কিছুই নেই।’ বর্তমান পরিস্থিতি থেকে দেশকে উত্তরণে প্রবাসী বাংলাদেশিসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
গত ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ভারতের নয়াদিল্লি থেকে টেলিফোনে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন শেখ হাসিনা। নবান্ন পার্টি হলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের স্মরণে যুক্তরাষ্ট্র আবাহনী ক্রীড়াচক্র ও শেখ কামাল স্মৃতি পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তব্যে শেখ হাসিনা অভিযোগ করেন, বাংলাদেশে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নেই। নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, বাড়িঘরে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটছে। মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বিচারব্যবস্থায় বৈষম্য ও দ্বৈতনীতির অভিযোগ তুলে তিনি বর্তমান পরিস্থিতির সমালোচনা করেন। 
শেখ হাসিনা বলেন, ‘আমি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া চাই, যেন এই অন্ধকার যুগ থেকে বাংলাদেশকে আলোর পথে নিয়ে যেতে পারি।’
তিনি দাবি করেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা তাঁর রয়েছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায়ও তিনি প্রস্তুতি নিয়েছেন বলে জানান।
শেখ হাসিনার বক্তব্যের একপর্যায়ে সমাবেশস্থলে উপস্থিত সমর্থকেরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। 
প্রয়াত ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের অবদান স্মরণ করে শেখ হাসিনা বলেন, শেখ কামালের উদ্যোগে আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা ও বিকাশে হারুনুর রশীদ ছিলেন অন্যতম সহযোগী। তাঁর মৃত্যু বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। আবাহনীর কার্যক্রম দেশে ও আন্তর্জাতিক পরিসরে অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
শেখ কামাল স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আবাহনী ক্রীড়াচক্রের সভাপতি আব্দুর রহিম বাদশা। সহযোগিতায় ছিলেন সাবেক জাতীয় অ্যাথলেট ও বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান। শেখ হাসিনার টেলিফোন বক্তব্যের সমন্বয় করেন ডা. মাসুদুল হাসান।
অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের পক্ষে বক্তব্য দেন। তিনি এ বিষয়ে মার্কিন জনপ্রতিনিধি ও নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ বাড়াতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
মুক্তিযুদ্ধে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা স্মরণ করে ড. মোমেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনে ভারতের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এমপি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মুক্তিযোদ্ধারাও নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি দাবি করেন, শেখ হাসিনা ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন। তবে তাঁর প্রত্যাবর্তনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি বা নিশ্চিত তারিখ অনুষ্ঠানে জানানো হয়নি।
স্মরণসভায় বক্তারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিকাশে হারুনুর রশীদের অবদান তুলে ধরেন। তাঁরা বলেন, শেখ কামালের সঙ্গে আবাহনী ক্রীড়াচক্রকে একটি প্রতিষ্ঠিত ক্রীড়া সংগঠনে পরিণত করতে হারুনুর রশীদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
ঢাকা থেকে টেলিফোনে যুক্ত হয়ে প্রয়াত হারুনুর রশীদের মেয়ে তমা তাঁর বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান। সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফফারও টেলিফোনে স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক নেতা শাবান মাহমুদ, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেন সবুজ, আওয়ামী লীগ নেতা ড. সিদ্দিকুর রহমান, ইমদাদ চৌধুরী, অ্যাডভোকেট রকিব মন্টু, কাজী এলিন, ডা. এনামুল হক ও জাহাঙ্গীর মজুমদার।
অনুষ্ঠানের শুরুতে মাওলানা মঈনউদ্দিন পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে প্রয়াত হারুনুর রশীদের আত্মার মাগফিরাত এবং শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে নিউইয়র্কের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি ও মুক্তিযোদ্ধারা অংশ নেন।

ঠিকানা/শই

 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz