সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের অবদান ও অর্জন

​যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের অবদান ও অর্জন

বিজ্ঞাপন
সমাজ এবং সামাজিক পরিবেশ দেশ ও জাতিভেদে ভিন্ন হওয়ার কারণ প্রতিটা দেশেরই অভ্যন্তরীণ নিয়মকানুন, চালচলন, প্রথা-সংস্কৃতি, পরমতসহিষ্ণুতা, মানবাধিকার চর্চা ইত‍্যাকার বহু বিষয়ের ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা-পরবর্তী দীর্ঘদিনের অব‍্যাহত চর্চা এ দেশকে অনন্য উচ্চতায় স্থান করে নিতে দুর্দান্ত ভূমিকা পালন করেছে। মানবাধিকার বিষয়ে এ দেশ শুধু অভ‍্যন্তরীণ নয়, বরং সারা পৃথিবীর মানবাধিকারের প্রশ্নে সোচ্চার। যে কারণে সারা বিশ্বে এ দেশের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। বিভিন্ন দেশে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে নিজস্ব কোটি কোটি ডলার ব‍্যয়ের বিষয়টিও প্রণিধানযোগ‍্য। যে কারণে এ দেশের সম্মান ও গৌরব আকাশছোঁয়া। যুক্তরাষ্ট্র অভিবাসী-নির্ভর দেশ হলেও ১৯৭০ এর দশক থেকে নিউইয়র্ক বাঙালি অভিবাসীদের জন্য একটি প্রধান গন্তব্য হয়ে ওঠে। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের পর মার্কিন যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে বসবাস শুরু করা চতুর্থ দেশ, যেখানে বাঙালিরা হয় নাগরিকত্ব অর্জন করেছে অথবা এর জন্য আবেদন করার প্রক্রিয়ায় রয়েছে। বাঙালি আমেরিকান মার্কিন নাগরিক বা বাসিন্দা হলেন যারা, তাদের জাতিগত পরিচয়, ভাষা এবং পারিবারিক ইতিহাসের ভিত্তিতে নিজেদের বাঙালি হিসেবে পরিচয় দেন। তারা তাদের শিকড় খুঁজে পান ঐতিহাসিক বাংলা অঞ্চলে, যা এখন বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে বিভক্ত। বাঙালি আমেরিকানরা আধুনিক বাংলাদেশি আমেরিকান এবং ভারতীয় আমেরিকানদের বৃহত্তর গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ২০২০ এর জনসংখ্যাতাত্ত্বিক আদমশুমারি অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৪ লাখ ৫৩ হাজার ১৯১ জন মানুষ বাংলাকে তাদের প্রধান ভাষা হিসেবে বা অন্যান্য ভাষার পাশাপাশি ব্যবহার করেন। এটি জনসংখ্যার প্রায় ০.১৪%। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ লাখেরও বেশি অনাবাসী বাংলাদেশি বসবাস করেন। নিউইয়র্ক শহর দীর্ঘদিন ধরে বাঙালি বসতির প্রধান কেন্দ্র।
১৯৭০ সালের পূর্ব থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আগত অভিবাসীর সংখ্যা বাড়তে থাকে। বিশেষ করে, ১৯৭০ থেকে হাজারো বাংলাদেশি বৈধভাবে ভিসা বা লটারির মাধ্যমে আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান। বাংলাদেশে জন্মগ্রহণকারী মার্কিন নাগরিকদেরকে বাংলাদেশি মার্কিনি (ইংরেজি Bangladeshi American) বলা হয়। দেশটির নিউইয়র্ক শহর, প্যাটারসন, নিউজার্সি, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, বস্টন, আটলান্টা, সান ফ্রান্সিস্কো, ডেট্রয়েট, শিকাগো, ফ্লোরিডা, ডালাস, হিউস্টন, উত্তর ক্যারোলিনা, হ্যামট্র্যামক ও মিশিগানে বাংলাদেশি সম্প্রদায়দের লোকজনের অধিক বসবাস। বেশির ভাগ বৈধ বাঙালি অভিবাসী নিউইয়র্কেই থাকেন। নিউইয়র্কের কুইন্স বরোর জ্যাকসন হাইটসে বাংলাদেশি কমিউনিটির সংখ্যা বর্তমানে প্রচুর। জ্যাকসন হাইটসের ৭৩, ৭৪ নং সড়কে বেশির ভাগ বাংলাদেশির বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে এবং যার ক্রেতাও বেশির ভাগ বাংলাদেশি আমেরিকান। সাম্প্রতিক সময়ে জ্যাকসন হাইটসের একটা অংশ বিভিন্ন ধরনের আন্দোলন ও সাংস্কৃতিক পরিবেশনার মুক্ত চত্বর হয়ে দাঁড়িয়েছে। জ্যাকসন হাইটসের পাশের এলাকা উডসাইট এবং এলমহার্স্ট বাংলাদেশি মার্কিনিদের বসবাসের জন্য বর্তমানে আকর্ষণীয় জায়গা। তবে বর্তমানে এসব এলাকায় চাপ বাড়ার কারণে বেশির ভাগই মাইগ্রেশন করে জ্যামাইকা ও আশপাশে চলে যান। ১৬৯ নং সড়ক এবং হিলসাইড অ্যাভিনিউয়ের কেন্দ্রস্থল বিভিন্ন মানের রেস্টুরেন্ট, মুদি এবং অন‍্যান‍্য ব‍্যবসাপ্রতিষ্ঠানের জন্য জনপ্রিয় স্থান। এখানে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত বেশ কয়েকটি রেস্টুরেন্টে দেশি স্বাদের খাবার ও বেকারি পুরো নিউইয়র্কের বাঙালি কমিউনিটিতে ব্যাপক জনপ্রিয়। বিরাট সংখ্যক বাংলাদেশি মার্কিনি বর্তমানে জ্যাকসন হাইটস, উডসাইড, এলমহার্স্ট, জ্যামাইকা, হলিস, কুইন্স ভিলেজ, সেন্ট এলবান্স এবং আশপাশের এলাকায় বাস করেন। এ ছাড়া নিউইয়র্কের ব্রুকলিন ও ব্রঙ্কসের বিভিন্ন এলাকায়ও বর্তমানে বাংলাদেশি অভিবাসী ব্যাপকহারে বাড়ছে। ধনবান বাংলাদেশিদের অনেকেই স্বাচ্ছন্দ্যে বসবাসের জন্য নিউইয়র্কের লং আইল্যান্ডে চলে যান। সেখানে অনেক বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারী কোম্পানির মালিক। তাদের কোম্পানিতে বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদেরই বেশি নিয়োগ দেন।

১৯৭০ সাল থেকে পরিসংখ্যান মোতাবেক নিউইয়র্কে বাংলাদেশি জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নরূপ : ১৯৭০-এর আদমশুমারি অনুযায়ী আমেরিকায় ১১,৮৩৮ জন যা ২০০০ সালের পরিসংখ্যানে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৮,২৬৯ জন। ১৯৭০ থেকে ২০০০ এর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ৪৭১%। বিদেশে জন্মগ্রহণকারী জনসংখ্যা ২৩,১৫৭ (৮৫%)। ২০১০ সালের পরিসংখ্যান অনুযায়ী মোট জনসংখ্যা ৫০,৬৭৭। বিদেশে জন্মগ্রহণকারী জনসংখ্যা ৭৪%।

The Bronx এর পার্কচেস্টার বর্তমানে ক্রমাগত বৃদ্ধি পাওয়া বাংলাদেশিদের জন্যও নতুন আবাসস্থলে পরিণত হয়েছে। অন্যান্য ছোট বাংলাদেশি কমিউনিটি নিউজার্সি, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, ডেট্রয়েট, আলবেনি এবং লস অ্যাঞ্জেলেসে বাস করে। বাংলাদেশি মার্কিনিরা বেশির ভাগ ক্ষেত্রেই আমেরিকান সংস্কৃতি পালন করে এবং তারা তাদের পুর্বপুরুষদের সংস্কৃতি বিস্মৃত না হয়ে উভয় সংস্কৃতি পাশাপাশি পালন করার চেষ্টা করে। বাংলাদেশি মার্কিনিরা তাদের নিজস্ব রন্ধনপ্রণালি যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছে, বড় বড় শহরগুলোর বাঙালি রেস্টুরেন্টে যা নিত্য পাক হয়। যুক্তরাষ্ট্রে এ রান্নাগুলো বেশ জনপ্রিয়। এখানে অনেক বাংলাদেশি মার্কেট এবং স্টেশনারি দোকান আছে। নিউইয়র্ক শহর, প্যাটারসন, নিউজার্সি, লস অ্যাঞ্জেলেসের কিছু কিছু দোকান বেশ বড়।

বাংলাদেশি মার্কিনিরা একে অপরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তাদের মাতৃভাষা বাংলাই বেশি ব্যবহার করে এবং বিভিন্ন কার্যক্রম বাংলা ব্যবহার করেই চালিয়ে নেওয়ার চেষ্টা করে। বেশির ভাগ বাংলাদেশি মুসলিম আমেরিকান পরিবারের মধ্যে ধর্মীয় বিধিবিধান (আচার-আচরণ) সুস্পষ্টরূপে প্রতিফলিত হয়। তারা জীবনে চলার পথে বেশির ভাগ ক্ষেত্রে ধর্মগ্রন্থ আল কোরআন এবং নবী মোহাম্মদ (সা.)-এর জীবনের আদর্শকে তাদের জীবনের নির্দেশিকা (গাইডলাইন) মনে করেন। ইসলাম ধর্মের একটি শাখা হলো সুন্নি সম্প্রদায়। বাংলাদেশিদের বেশির ভাগই এ শাখারই অন্তর্ভুক্ত। ছোট শহর যেখানে হয়তো মসজিদ নেই, সেখানকার বাংলাদেশি মার্কিনিরা ইসলাম ধর্মের বৃহৎ উৎসবে পার্শ্ববর্তী (নিকটস্থ) মসজিদে তাদের ধর্মীয় উৎসব পালন কর‍তে যান। অনেক বাংলাদেশি শহর এলাকায় আজান দেওয়া যায় এ ধরনের অনেক মসজিদ পরিচালনা করে থাকেন। বাংলাদেশি মার্কিনিরা অন্যান্য মুসলিম সম্প্রদায়, যেমন আরব অ‍ামেরিকান, ইরানিয়ান অ্যামেরিকান, তুর্কিস আমেরিকান, আফ্রিকান আমেরিকান, ইন্দোনেশিয়ান আমেরিকান, মালয়েশিয়ান আমেরিকান, সাউথ এশিয়ান আমেরিকান ইত্যাদি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রাখেন। বাংলাদেশি মার্কিনিরা Muslim Students of America (MSA) নামক সংগঠন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সংগঠন আমেরিকার মুসলিম ছাত্রছাত্রীদের কোনো সমস্যা হলে তা সমাধানে স্বতপ্রণোদিত হয়ে এগিয়ে আসে। বেশির ভাগ বাংলাদেশি আমেরিকান মুসলিম, তবে এই কমিউনিটিতে কিছু হিন্দু সম্প্রদায়ের লোকও আছে এবং তারা তাদের ধর্মীয় সংস্কৃতির যে বৈচিত্র্যতা আছে, তা সাড়ম্বরে পালন করে। বাংলাদেশি মুসলিম এবং বাংলাদেশি হিন্দুদের মধ্যে যুক্তরাষ্ট্রে বেশ শক্ত বন্ধন রয়েছে। উভয়ের মধ্যে শান্তিপূর্ণ সৌহার্দ্যবোধ দেখা যায়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি হিন্দুদের পরিচালিত বেশ কিছু মন্দির এবং ধর্মসভা আছে। বাংলাদেশি হিন্দুদের সংখ্যা অল্প এবং তারা অন্য বৃহৎ বাঙালি হিন্দু গোষ্ঠী, যারা ভারতবর্ষ বিভাজনের পর ভারতে চলে গেছেন, তাদের সঙ্গে সম্পর্কযুক্ত। বাংলাদেশি হিন্দুদের সংখ্যা অল্প হলেও পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য অংশ মিলিয়ে বাঙালি হিন্দুদের সামাজিক গ্রুপ অনেক বড় সম্প্রদায়ে পরিণত হয়েছে। অন্যান্য জাতিগত সম্প্রদায়ের সঙ্গে মিল রেখে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা বাংলাদেশি মার্কিনিদের মধ্যেও ধর্মহীনতা, নাস্তিক্যবাদ, ধর্মনিরপেক্ষতা, মানবতাবাদ, ভিন্ন ভিন্ন দর্শনে প্রভাবিত হওয়ার হার বৃদ্ধি বেশ লক্ষণীয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিরা সামগ্রিকভাবে উচ্চশিক্ষিত ও কর্মঠ। ২০২০-এর কাছাকাছি সময়ের ডেমোগ্রাফিক ও আমেরিকান কমিউনিটি সার্ভে (ACS) ডেটা অনুযায়ী, ২৫ বছর ও তার বেশি বয়সী প্রায় ২৪% বাংলাদেশির ব্যাচেলর ডিগ্রি এবং ২৬% এর মতো মাস্টার্স, পিএইচডি বা অন্যান্য অ্যাডভান্সড প্রফেশনাল ডিগ্রি রয়েছে, যাদের সংখ্যা প্রায় ১ লাখেরও বেশি। তবে তাদের নির্দিষ্ট মোট সংখ্যার কোনো সরকারি পরিসংখ্যান নেই। এই হার সাধারণ মার্কিন (U.S.) জনসংখ্যার তুলনায় বেশ খানিকটা বেশি। এ ছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক ১৭ হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। বাংলাদেশি আমেরিকানরা পেশাগতভাবে মূলত প্রফেশনাল, ম্যানেজরিয়াল এবং সেবা খাতে যুক্ত। (২৫ বছর বা তার বেশি বয়সী) ৪১ শতাংশ উচ্চশিক্ষিত এলিট বাংলাদেশি আমেরিকান দেশটিতে বসবাসরত মোট জনসংখ্যার ভিত্তিতে হিসাব করলে মার্কিন যুক্তরাষ্ট্রে অবদান রাখার জন‍্য তেমন যথেষ্ট নয়। তবে একটি যন্ত্র সঠিকভাবে কাজ করার জন‍্য তার প্রতিটি অঙ্গ যেমন যথাযথ কার্যকর থাকতে হয়, ঠিক তেমনি একটি সমাজেরও শুধু এলিট শ্রেণির ওপর নির্ভরশীল হলে সেটি আদর্শ সমাজ হয় না বরং সব শ্রেণি-পেশার অবদানের ওপর নির্ভর করেই আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হয়। সে বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের অবদান শুধু উচ্চশিক্ষিত নয়, বরং সব শ্রেণি-পেশার উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি যেমন স্বাস্থ্যসেবা, প্রকৌশল, ফাইন্যান্স, শিক্ষা এবং আইটি (IT) খাতে বিশেষজ্ঞ বা উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করছেন। অপরদিকে ফ্র্যাঞ্চাইজি, ছোট ব্যবসা, রিটেইল, ট্যাক্সি সার্ভিস ও রেস্তোরাঁ পরিচালনার ক্ষেত্রেও এই সম্প্রদায়ের ব্যাপক উপস্থিতি রয়েছে, এককথায় যার অবদান অনস্বীকার্য। এখানকার প্রশাসন বিভিন্ন সময় যার স্বীকৃতি প্রদান করে আসছে। বর্তমানে মূলধারার রাজনৈতিক অঙ্গনেও প্রবাসী বাংলাদেশিদের পদচারণা উল্লেখযোগ্য হারে বাড়ছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশি বংশোদ্ভূতদের প্রশাসনের শীর্ষ পদে আরোহণ অসম্ভব নয় বৈকি! একই সঙ্গে তাদের অর্জনও অতুলনীয়, যা অস্বীকার করার উপায় নেই। এ ধারা অব‍্যাহত থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান অবশ্যই গৌরবোজ্জ্বল হবে, সন্দেহ নেই। সে আশাতেই আমাদের যাত্রা অব্যাহত থাকুক এবং উত্তরোত্তর সমৃদ্ধ হোক।
লেখক : কবি, প্রাবন্ধিক, গীতিকার, কলামিস্ট ও গবেষক।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz