৪ জুলাই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস। ২৫০ বছর আগে এই দিনে সর্ব প্রকার বৈষম্য, মানবিক অবক্ষয়, শোষণ-নিপীড়নের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ডিক্লারেশন অব ইনডিপেনডেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করা হয়। তখনই তৎকালীন ১৩টি ব্রিটিশ উপনিবেশের প্রতিনিধিত্বের সমন্বয়ে একটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। কালের পরিক্রমায় বর্তমানে ৫০টি বৃহৎ রাজ্য নিয়ে সুগঠিত মার্কিন যুক্তরাষ্ট্রই আজকের পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়েছে।
এই দিনে (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক বৈঠকে তৎকালীন ১৩টি ব্রিটিশ উপনিবেশের প্রতিনিধিরা একজোট হয়ে ঘোষণাপত্রের মাধ্যমে উচ্চারণ করেছিলেন, ‘আর কোনো নিপীড়ন নয়, বৈষম্য নয়, আমরা আমাদের স্বাধীনতা চাই।’
সেদিনের সেই ঘোষণাপত্রটি ছিল আমেরিকান জাতির আত্মপরিচয় প্রকাশের সূচনা। যার ফলে দীর্ঘদিনের শোষণ-নিপীড়নের অবসান ঘটিয়ে ব্রিটিশ ঔপনিবেশিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে।
আমেরিকার স্বাধীনতার এই দিনটি যুক্তরাষ্ট্রের জনগণের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। আমেরিকার সর্বস্তরের নাগরিকেরা যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদ্যাপন করে থাকেন। আড়াই শত বছর ধরে শুরু করে প্রতিবছর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এই দিবসটি উদযাপন করা হয়। আয়োজন করা হয় বিশাল জনসমাবেশ, কুচকাওয়াজ এবং কনসার্ট। চোখ-ধাঁধানো ফায়ার ওয়াক্স তথা আতশবাজিসহ বিভিন্ন অনুষ্ঠানের নানা রকম আয়োজন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের মধ্যে ‘স্ট্যাচু অব লিবার্টি’কে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। আমেরিকান পতাকা উত্তোলিত হয়।
৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। তার দুদিন আগে ‘জন অ্যাডামস’ তার স্ত্রী আবিগালিকে লেখেন, ‘১৭৭৬ সালের জুলাইয়ের দ্বিতীয় দিন আমেরিকার ইতিহাসে সবচেয়ে স্মরণীয় দিন হবে।’ কিন্তু যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন করা হয় জুলাইয়ের ৪ তারিখ, যে তারিখে স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদিত হয়।
২৫০ বছর আগে ১৭৭৬ সালের ২ জুলাই ইংল্যান্ডের শাসন থেকে পৃথক হওয়ার জন্য ভোট দেন আমেরিকার দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস। দুই দিন পর স্বাধীনতার ঘোষণাপত্রটি কংগ্রেসের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন পায়। কিন্তু পৃথক হতে ব্রিটেনের সঙ্গে চূড়ান্ত স্বাক্ষর ২ আগস্ট হলেও প্রতিবছর ৪ জুলাই স্বাধীনতা দিবস উদযাপন করে মার্কিন যুক্তরাষ্ট্র।
আগেই উল্লেখ করা হয়েছে, স্বাধীনতার প্রাক্কালে ১৩টি উপনিবেশ রাজ্যের পক্ষ থেকে একযোগে ইংল্যান্ডের রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার মধ্য দিয়ে স্বাধীনতাসংগ্রাম শুরু হয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমেরিকার স্বাধীনতাযুদ্ধের নায়ক ও প্রধান সেনাপতি ছিলেন ভার্জিনিয়া উপনিবেশের জর্জ ওয়াশিংটন। তার যোগ্য নেতৃত্বে এবং চৌকস সেনা পরিচালনায় শুরু হয় এক রক্তক্ষয়ী স্বাধীনতাযুদ্ধ।
যুদ্ধকালীন সময়ের শেষান্তে ব্রিটিশ শাসনাধীন উপনিবেশ রাজ্যসমূহের বিজয় যখন দ্বারপ্রান্তে, তখনই ১৭৭৬ সালের ২ জুলাই দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেসে ভোটের মাধ্যমে স্বাধীনতা ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়। অতঃপর পাঁচ সদস্যবিশিষ্ট গঠিত কমিটির মাধ্যমে স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করা হয়। যদিও সেই ঘোষণাপত্রের মূল রচয়িতা ছিলেন ওই কমিটির অন্যতম সদস্য টমাস জেফারসন। অন্যদের মধ্যে ‘জন অ্যাডামস ও ‘বেঞ্জামিন ফ্রাঙ্কলিন’ ছিলেন কমিটির সদস্য। প্রথমে ওই ঘোষণাপত্র নিয়ে কংগ্রেসে বহু তর্ক-বিতর্ক হয়। অবশেষে ঘোষণাপত্রটি চূড়ান্ত করা হয়।
ঘোষণাপত্রটি কংগ্রেসের অনুমোদন পায় ১৭৭৬ সালের ৪ জুলাই। ব্রিটিশ সাম্রাজ্যবাদের অবসান ঘটিয়ে সকল প্রকার অন্যায়, অত্যাচার ও অরাজকতা থেকে মুক্ত হতে ‘প্রতিটি মানুষই সমান এবং একই সৃষ্টিকর্তার সৃষ্টি’ মহান বাণীকে সামনে রেখে ‘টমাস জেফারসন’ রচনা করেন স্বাধীনতার অমর বাণী। তাঁর একটি বিখ্যাত উক্তি আমেরিকান কারেন্সি/ডলারে ‘ইন গড উই ট্রাস্ট’ (সৃষ্টিকর্তার প্রতি অকুণ্ঠ স্বীকৃতি) তখন থেকে স্থায়ীভাবে সন্নিবেশিত হয়ে আছে।
প্রেক্ষাপট : যুক্তরাষ্ট্রের স্বাধীনতাযুদ্ধ মূলত শুরু হয় ১৭৭৫ সালে। সেই যুদ্ধটি চলতে থাকে ১৭৮৩ সাল (টানা আট বছর) পর্যন্ত। প্রথমে যুদ্ধটি শুরু হয় ব্রিটিশ বাহিনী ও উপনিবেশের স্থানীয় সশস্ত্র বাসিন্দাদের মধ্যে একটি ছোট খণ্ডযুদ্ধের মাধ্যমে। খণ্ডযুদ্ধটি সংঘটিত হয় ১৭৭৫ সালের ১৯ এপ্রিল। এই যুদ্ধের পর অন্যান্য স্থানেও সংঘাত ছড়িয়ে পড়ে। অনেক ব্রিটিশ সৈন্য হতাহত হয়। নিহত হয় ৯৩ জন বিপ্লবী আমেরিকান। আমেরিকার পূর্ণ স্বাধীনতা অর্জন পর্যন্ত স্বাধীনতার জন্য জীবন দেন ২৫ হাজার আমেরিকান এবং ২৭ হাজার ব্রিটিশ ও জার্মান সেনা।
আগেই উল্লেখ করা হয়েছে, প্রথমে ১৩টি রাজ্য স্বাধীনতার গৌরব অর্জনের পর ক্রমে ক্রমে বিস্তৃত হয়ে বর্তমানে ৫০টি রাজ্য নিয়ে গড়ে উঠেছে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা তথা মার্কিন যুক্তরাষ্ট্র। বিশালকায় আমেরিকা ৫০টি রাজ্য নিয়ে এখনো সমগ্র বিশ্বে সুপ্রতিষ্ঠিত।
আমরা জানি, ৭০টি রাষ্ট্র নিয়ে বিশাল সাম্রাজ্য নিয়ে গঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়ন। সময়ের নির্মম পরিহাসে তাদের সেই সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে যায়। যার ফলে সোভিয়েত রাশিয়ার দখল করে রাখা দেশসমূহ আগ্রাসনমুক্ত হয়ে প্রতিটি রাষ্ট্র ভিন্নভাবে তাদের স্বাধীনতা ফিরে পায়।
এই দিক থেকে ৫০টি রাজ্য নিয়ে গঠিত অখণ্ড যুক্তরাষ্ট্র এখনো বহাল রয়েছে।
আব্রাহাম লিংকন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট। তিনি দাসপ্রথার চরম বিরোধী ছিলেন। দাসপ্রথাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের সময় তিনি উত্তরাঞ্চলীয় ইউনিয়ন বাহিনীর নেতৃত্ব দেন এবং দক্ষিণের কনফেডারেট জোটকে পরাজিত করেন।
১৮৬৩ সালে আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথার অবসান ঘটান এবং মুক্তি ঘোষণার (Emancipation Proclamation) মাধ্যমে দাসদের মুক্ত করে দেন। তাঁর বিখ্যাত উক্তিটি হলো : ‘জনগণের সরকার, জনগণের দ্বারা এবং তা জনগণের স্বার্থে’। (Government of the people, by the people, for the people) পরবর্তীতে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবিধানিক মূলনীতিতে সন্নিবেশিত করা হয়।
প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের গুরুত্বপূর্ণ ভূমিকায় তাঁর অবদানের কথা স্বীকার করে বেঞ্জামিন হ্যারিসন বলেছেন, ‘সময়ের ওপর আব্রাহাম লিংকনের বিশ্বাস ছিল এবং সময় লিংকনের সেই বিশ্বাসের মূল্য দিয়েছে।’
তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট ‘জন এফ কেনেডি’ দলমত-নির্বিশেষে সবার উদ্দেশে বলেন, ‘চলুন, আমরা রিপাবলিকান প্রত্যুত্তর অথবা ডেমোক্রেটিক প্রত্যুত্তর না খুঁজি কিন্তু সঠিক উত্তরের সন্ধান করি। চলুন, আমরা যেন অতীতের অভিযোগটি নির্ধারণ করার সন্ধান না করি। চলুন, আমরা ভবিষ্যতের জন্য আমাদের নিজেদের দায়িত্ব গ্রহণ করি।’
আমেরিকার ইতিহাসে প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে প্রায় সকল প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ঐতিহ্য, মানবিক উন্নয়নের ধারাবাহিকতা, রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা বিধান, আইনের শাসন, বর্ণবৈষম্যহীন নীতিমালাসহ উন্নয়নমূলক অন্যান্য দিকের প্রতি গুরুত্ব দিয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে অনেক কিছু থমকে গিয়েছিল। তিনি তাঁর নির্বাহী ক্ষমতাবলে রাষ্ট্রীয় নীতিমালায় অনেক রদবদল করে বহু বিতর্কের জন্ম দিয়েছেন। আবার বিভিন্ন বৈশ্বিক রাজনৈতিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেও কিছু ভালো পদক্ষেপ নিয়েছেন।
যা-ই হোক, ঐতিহ্যগত দিক থেকে স্বাধীনতার এই দীর্ঘ সময়ের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পরও মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বাধীনতার গৌরব ও ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখেছে। বিশ্বের সুপিরিয়র তথা শক্তিশালী দেশ হিসেবে নানান সময় পৃথিবীর বিভিন্ন দেশে সৈন্য পাঠিয়ে বিজয় অর্জন করলেও ভিয়েতনামের মতো ছোট দেশ থেকে ফিরে আসতে হয়েছিল আমেরিকার পরাজয়ের মধ্য দিয়ে। প্রায় চার লাখ সৈন্য প্রাণ হারিয়েছিল সেসব অনাকাক্সিক্ষত যুদ্ধে।
তবু আমেরিকার রাষ্ট্র ব্যবস্থাপনার প্রতিটি ক্ষেত্রে প্রভূত সাফল্যের স্বাক্ষর রয়েছে। নাইন ইলেভেনসহ প্রতিটি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিরোধসহ চরম বিপদের দিনে ধৈর্য ও সহিষ্ণুতার মাধ্যমে আমেরিকান জনগণ তাদের দেশপ্রেম ও দেশাত্মবোধের পরিচয় দিতে কুণ্ঠিত হয়নি। শুধু তা-ই নয়, ২৪৫ বছরের ইতিহাসের চরম ঘৃণিত কাজ ছিল ট্রাম্প কর্তৃক উসকানিমূলক আচরণে ট্রাম্প সমর্থকদের লোক দ্বারা হোয়াইট হাউস ঘেরাও। তার সমর্থক পরিচয়ে কতিপয় সন্ত্রাসী ঐতিহাসিক ক্যাপিটল হিলে সন্ত্রাসী হামলার মাধ্যমে ইতিহাসকে কলঙ্কিত করে! আবার সেই কলঙ্ককে ধিক্কার আর ঘৃণার মাধ্যমে রুখে দিয়েছে। একইভাবে আমেরিকার জনগণের ভালোবাসায় এবং দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনার কঠোর উদ্যোগ সকল ষড়যন্ত্র প্রতিহত করে ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন রাষ্ট্রক্ষমতায় আসীন হন।
বলা হয়ে থাকে, মি. বাইডেন ক্ষমতায় আসীন হয়ে যুক্তরাষ্ট্রকে কঠিনতম ঘোরতর বিপদ থেকে উদ্ধার করেছেন। তার নেতৃত্বে করোনাভাইরাসের ভয়ংকর মহামারি প্রায় ধ্বংস করা সম্ভব হয়েছে। কিন্তু তাঁর সরকার আন্তর্জাতিক নীতিমালা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তাঁর সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে প্রলম্বিত করার চেষ্টা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজেটের বিরাট অংশ দিয়ে ইউক্রেন সরকারকে টিকিয়ে রাখতে সাহায্য করেছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর সেই বরাদ্দ কমিয়ে এনেছেন। একইভাবে ফিলিস্তিনি ইস্যুতে ইসরায়েলি আগ্রাসনে গাজাকে ধূলিসাৎ করে দেওয়ার সকল রসদের জোগান দেওয়া হয়েছে।
বাইডেন চাইলে খুব সহজেই ইসরায়েলকে ফিলিস্তিনের ধ্বংসযজ্ঞ থেকে নিভৃত করতে পারতেন। ফিলিস্তিনিরা ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার থেকে রক্ষা পেতেন। অবশ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইসরায়েলের আগ্রাসনের মাত্রা কমিয়ে আনতে সক্ষম হয়েছেন। যুদ্ধটি আপাতত বন্ধ রয়েছে। যদিও গাজা বলতে এখন আর কিছু অবশিষ্ট নেই। ইসরায়েলের এই নিষ্ঠুরতম যুদ্ধের ফলে হতভাগ্য ফিলিস্তিনের প্রায় এক লাখ নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। নারী-পুরুষ ও অসহায় শিশু মিলে ফিলিস্তিনের লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে আছে। কোনো ঘরবাড়ি নেই। সবকিছু ধ্বংসস্তূপে হারিয়ে গেছে। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের ভাগ্যবঞ্চিত মানুষ এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
বলা বাহুল্য, পাঁচ বছর পূর্বেকার করোনাভাইরাসের মহামারির কারণে সমগ্র পৃথিবী স্থবির ও ম্ল্যান হয়ে গিয়েছিল। ভয়ংকর ভাইরাসের আক্রমণে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন পৃথিবীর কোটি মানুষ। অন্যান্য দেশের মতো বর্তমানে আমেরিকান জনগণের মাঝে স্বস্তি ও শান্তিময় পরিবেশ ফিরে আসছে। তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন শক্ত হাতে আমেরিকাকে করোনামুক্ত করার সকল পদক্ষেপ গ্রহণ করেন।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেই একই ব্যক্তি মহান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনায়ক মি. জো বাইডেন ইসরায়েলের নেতানিয়াহুর পিঠ চাপড়ে ফিলিস্তিনের ভূখণ্ডকে অত্যন্ত নির্মম ও নির্দয়ভাবে ধ্বংসস্তূপে পরিণত করার পথকে সুগম করে দিয়ে গেছেন। অথচ মি. বাইডেনের সুদীর্ঘ ৫০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের যে সুনাম তিনি কামিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানে অসহায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নিষ্ঠুরতম যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন ও নির্যাতনের পথ প্রশস্ত করা হয়েছে। এভাবেই বাইডেনের সুনাম রাতারাতি কমে যায়।
শুধু তা-ই নয়, মধ্যপ্রাচ্যে বিবদমান অশান্ত পরিস্থিতির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার ও মানবিক ঐতিহ্যের সঙ্গে একাত্ম হওয়ার পথে অন্তরায় সৃষ্টি করা হয়েছে।
পরবর্তীতে মি. ডোনাল্ড ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ইসরায়েলকে চাপ দিয়ে বিধ্বস্ত ফিলিস্তিনের ওপর থেকে যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করেন। যদিও বর্তমানে ফিলিস্তিনের শরণার্থীদের ওপর ইসরায়েলের মানববিধ্বংসী বর্বরতা ঘটেই চলেছে।
এখনো বিশ্বের অধিকাংশ মানুষ মনে করেন, একমাত্র যুক্তরাষ্ট্রই পারে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে। যুক্তরাষ্ট্র চাইলে যুদ্ধহীন বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা করার মাধ্যমে পৃথিবীর অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সাহায্য করতে পারে। এখনো নিয়ম অনুযায়ী সমগ্র বিশ্ব আমেরিকার দিকে তাকিয়ে থাকে। কেননা যুক্তরাষ্ট্র এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে স্বাধীন বিচারব্যবস্থার সুযোগ রয়েছে এবং এখনো যেকোনো অবস্থায় অভ্যন্তরীণ নাগরিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হয়ে থাকে। ইতিহাসের পরিক্রমায় এখনো সমসাময়িক রাজনৈতিক ও বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রভাব বিস্তারের পথ অক্ষুণ্ন রেখে চলেছে।
আমরা জানি, যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে সামরিক শক্তি প্রয়োগ। বিশ্বব্যাপী বিরাজমান যেকোনো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নীতি কী হবে (?) যেকোনো যুদ্ধের সিদ্ধান্ত গ্রহণের আনুষ্ঠানিক ও কৌশলগত রূপরেখা দেওয়ার ক্ষেত্রে এটি মূলত সংবিধান, আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবভিত্তিক নীতিমালার সমন্বয়ে পরিচালিত হয়ে থাকে।
যা-ই হোক, প্রতিবছরের মতো এবারও আমেরিকার মহান স্বাধীনতা দিবস তথা জাতীয় দিবস জাঁকজমকপূর্ণ ও সাড়ম্বরে অনুষ্ঠিত হবে। প্রতিবছর বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। সমগ্র জাতি তাদের ঐতিহ্যবাহী অবস্থান অক্ষুণ্ন রাখার মধ্য দিয়ে নাগরিক জীবনের স্বস্তি ও শান্তি কামনা করে থাকেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের প্রবল দেশপ্রেম, দেশাত্মবোধক সাহসের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এমন একটি জাতি সুপ্রতিষ্ঠিত, যা আজও সমগ্র বিশ্বকে আলোর পথ দেখাতে পারে। পৃথিবীর প্রতিটি পরিস্থিতিতে এখনো যুক্তরাষ্ট্রে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ব্যাপক কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রয়েছে। যেখানে অধিকাংশ মানুষ স্বাধীনভাবে বসবাস করছে এবং ন্যায়বিচারের পথ প্রশস্ত রয়েছে।
এখানে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের বিখ্যাত উক্তি হচ্ছে, ‘যেখানে স্বাধীনতা বিরাজ করে, সেখানেই আমার দেশ।’ একইভাবে ‘থমাস জেফারসন’ রচিত দলিলটিতে যুক্তরাষ্ট্রের মানবিক মূল্যবোধের কতিপয় চিরন্তন সত্য তুলে ধরা হয়েছিল, যা ছিল মার্কিন ঐতিহ্যের মূল ভিত্তি, যেমন ‘মানুষের জন্মগত সমতা : যেখানে মানুষ সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে।’
মৌলিক অধিকার : সৃষ্টিকর্তা মানুষকে কিছু অবিচ্ছেদ্য অধিকার দিয়েছেন, যার মধ্যে রয়েছে জীবন (Life), স্বাধীনতা (Liberty) এবং সুখ অন্বেষণের অধিকার (Pursuit of Happiness)।
জনগণের সম্মতি : সরকারের ক্ষমতা বা বৈধতা আসে জনগণের সম্মতি থেকে। যার মূল উদ্দেশ্য গণতান্ত্রিক রীতি-নীতিমালা অনুযায়ী জনগণের ভোটাধিকারের ভিত্তিতে সরকার পরিচালিত হবে। সরকার যদি অধিকার রক্ষায় ব্যর্থ হয়, তবে জনগণই সেটির পরিবর্তন ঘটাতে পারবে এবং বাতিল করতে পারবে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার এই ঐতিহ্যের শিক্ষায় পরবর্তীকালে ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবসহ পৃথিবীর বহু দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনকে অনুপ্রাণিত করেছে। তাদের তৈরি সংবিধান এবং বিচার বিভাগের স্বাধীনতা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি ও মডেল হিসেবে কাজ করছে। আশাকরি, মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দিনে তার সফল ঐতিহ্যের ওপর আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। মানববিধ্বংসী যুদ্ধ থেকে বিশ্ব মুক্ত হয়ে উঠবে। পৃথিবীর মানুষের স্বপ্নপূরণ, মুক্তি, স্বাধীনতা ও শান্তি-স্বস্তির জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠা লাভ করবে। যার মাধ্যমে পৃথিবীর গণমানুষের মাঝে শান্তি ফিরে আসতে পারে।
সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
(১৭৭৬ সালের স্বাধীনতার ঘোষণাপত্র উপস্থাপনের ঐতিহাসিক মুহূর্ত)।
লেখক : কবি ও প্রাবন্ধিক।