ময়মনসিংহের মালগুদামে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী আটক
ঠিকানা অনলাইন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮
•
অনলাইন সংস্করণ
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরের মালগুদাম এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য তিন লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নগরের আলোচিত মাদকস্পট খ্যাত মালগুদাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মোছা. মিতু আক্তার (২৭) ও ললিতা বেগম (৩৪)। তাদের দুজনের বাড়িই মালগুদাম এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অধীন ১ নম্বর পুলিশ ফাঁড়ির ওসি মহিউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুই নারীর কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, মাদক কারবারের সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আটক দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
পুলিশ আরও জানায়, মিতু আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত চারটি এবং ললিতা বেগমের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।