বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​টানা বর্ষণে ঢাকার অলিগলিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে নগরবাসী

​টানা বর্ষণে ঢাকার অলিগলিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে নগরবাসী

বিজ্ঞাপন
কয়েক দিনের টানা বর্ষণে কার্যত পানির নিচে চলে গেছে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলি। গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি ভোরের দিকে মুষলধারে রূপ নেয়। দিনভর বিরতিহীন বর্ষণ ও মেঘের গর্জনে রাজধানীর বহু এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। কোথাও হাঁটু, কোথাও আবার কোমরসমান পানি জমে জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, শ্রমজীবী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। অনেক এলাকায় সড়ক ডুবে যাওয়ায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। প্রয়োজনীয় গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে হাজারো মানুষকে।

রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ইসিবি চত্বর, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেটগামী নতুন সড়ক, খামারবাড়ি-ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা, শনির আখড়া, পুরান ঢাকার বংশাল, নাজিমউদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, কালশী, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপাড়, কালাচাঁদপুর ও বারিধারা সংযোগ সড়কসহ বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য জলাবদ্ধতার সৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে একটানা সর্বোচ্চ। আর গত ২৪ ঘণ্টায় মোট বৃষ্টিপাত হয়েছে ৯৭ মিলিমিটার। সংস্থাটি জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

টানা বৃষ্টিতে নগরীর নিচু এলাকা ও অলিগলিতে পানি জমে যাওয়ায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অনেক সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে, কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়।

জরুরি কাজে কারওয়ান বাজার থেকে গুলশানের উদ্দেশে বের হওয়া আব্দুস সালাম বলেন, "ভোর থেকেই প্রবল বৃষ্টি হচ্ছিল। রাস্তায় মানুষ ও যানবাহন খুব কম ছিল। তবে কারওয়ান বাজার থেকে গুলশান পর্যন্ত একাধিক এলাকায় সড়কে পানি জমে থাকতে দেখেছি। এতে স্বাভাবিক যাতায়াত বেশ কঠিন হয়ে পড়েছে।"

বিজয় সরণি হয়ে হাতিরঝিলমুখী সিএনজিচালক আনোয়ার হোসেন জানান, পথে বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে থাকতে দেখেছেন। জমে থাকা পানিতে কয়েকটি সিএনজির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় চালকদের গাড়ি ঠেলে নিতে হয়েছে। যদিও যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল, তবুও বাইরে বের হওয়া মানুষকে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রাতভর ভারী বৃষ্টির কারণে কাজীপাড়া মেট্রো স্টেশনের উভয় পাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরবাসীর দুর্ভোগ কমাতে সড়কে জমে থাকা পানি দ্রুত অপসারণে ডিএনসিসির পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz