দেশে হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২৭
ঠিকানা অনলাইন
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১৬:৪৩
•
অনলাইন সংস্করণ
ছবি : সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৩২৭টি শিশু। ১৪ অক্টোবর (বুধবার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ৭৩টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট এক হাজার ১৭৭টি শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ১২৮টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ১৯৯। এই সময়ে এক হাজার ২১টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ২৬টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দুই লাখ ৮ হাজার ৫৭০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৮৪০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ৮৫ হাজার ৩৯০ রোগী, যাদের মধ্যে এক লাখ ৭৭ হাজার ৬৯৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।