ঢাকার পেশাজীবীদের সংগঠন ঢাকা প্রফেশনাল কমিউনিটি (ডিপিসি)। ঢাকার আদি বাসিন্দাদের এই উদ্যোগ এবার তিন বছরে পা রেখেছে। বিষয়টি স্মরণীয় করে রাখতে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরাশগঞ্জে ঢাকা কেন্দ্রের মুক্তমঞ্চে বসেছিল মিলনমেলা। যেখানে ঢাকা নিয়ে স্মৃতিচারণা, ঢাকাই খাবার ও রঙ্গরসিকতা পরিবেশনের মাধ্যমে ডিপিসির তিন বছর পূর্তি উদযাপিত হয়।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। তারপর হয় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা। একই আয়োজনে এসএসসি পাস ঢাকাইয়া শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। ডিপিসি পরিবারের এসব কৃতী সন্তানকে ক্রেস্ট তুলে দেন ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ আজিম বখ্শ।
অনুষ্ঠানে ডিপিসির তিন বছরের পথচলা, সংগ্রাম ও অর্জনের কথা তুলে ধরেন এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক এম হাসান আলী। তিনি বলেন, ‘ডিপিসি শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। এটি আমাদের ভালোবাসার বন্ধন। এভাবেই আমরা ঢাকাইয়াদের সামাজিক উন্নয়নে কাজ করে যেতে চাই। আমাদের উদ্যোগে তরুণদের জন্য মেন্টরশিপও চালু থাকবে।’
এই আয়োজনে যারা এসেছিলেন, তাদের বসবাস মূলত সূত্রাপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, বংশাল, লালবাগ, চকবাজার, হাজারীবাগসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায়। অতিথিরা ডিপিসিকে শুভেচ্ছা জানান ও এর কর্মকাণ্ডে সব সময় পাশে থাকার আশা প্রকাশ করেন। পুরান ঢাকার উন্নয়ন অগ্রগতির জন্য যে ঢাকা চর্চার বিকল্প নেই, এ বিষয়ে তারা একমত পোষণ করেন।
আয়োজনের সবশেষে ছিল সাংস্কৃতিক পর্ব। যেখানে মূলত ঢাকার ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা হয়। ডিপিসির সদস্যরা করেন পুঁথিপাঠ ও স্বরচিত কবিতা আবৃত্তি। একই পর্বে ঢাকাইয়া ভাষায় রঙ্গরসিকতাও পরিবেশন করা হয়, যা সেকালের ঢাকার কৌতুক স্মরণ করিয়ে দেয় সবাইকে। এই আবহের মধ্যেই ঢাকাই খাবার নিয়ে শুরু হয় আপ্যায়ন পর্ব। খেতে খেতে আড্ডায় মজে যান অনেকে। বিদায়বেলায় সবাই একই প্রত্যাশা রেখে যান, আবার যেন হয় এমন মিলনমেলা।