ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তাইজে একজন নারী ও শিশুরা পানি সংগ্রহের জন্য অপেক্ষা করছেন। ফাইল ছবি : রয়টার্স
ইউনিসেফের আঞ্চলিক মুখপাত্র সেলিম ওয়েইস জানিয়েছেন, ইয়েমেনে প্রায় ১ লাখ ৬৫ হাজার শিশুসহ মোট তিন লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি এ কথা বলেন।
ইউনিসেফের আঞ্চলিক মুখপাত্র বলেন, বাস্তুচ্যুত এই শিশুরা স্বাভাবিক জীবনযাত্রা, দৈনন্দিন কর্মকাণ্ড এবং নিরাপত্তার আওতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, নিরাপদ আশ্রয়স্থল যেমন তাদের বাড়িঘর ও স্কুল থেকে দূরে সরে গিয়ে তারা এখন নানা প্রতিকূলতা ও ঝুঁকির মুখে দিন কাটাচ্ছে।
সেলিম ওয়েইস জানান, স্কুলগুলো সংঘাতের মধ্যে পড়ে যাওয়ায় পরিবারগুলোকে তাদের সন্তানদের নিরাপত্তা ও শিক্ষার মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
ইউনিসেফের আঞ্চলিক মুখপাত্র বলেন, ‘কিছু স্কুল হামলার শিকার হচ্ছে, আবার কিছু স্কুল সরাসরি যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগে পড়েছে। এ ছাড়া অনেক স্কুলকে অন্য কাজে, যেমন নিরাপদ আশ্রয়কেন্দ্র বা বাস্তুচ্যুত মানুষের আবাসস্থল হিসেবে ব্যবহার করা হচ্ছে।’