বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিল অস্ট্রেলিয়া

যুক্তরাজ্যের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিল অস্ট্রেলিয়া

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতার দায়ে তিনজন ইসরায়েলি ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। খবর রয়টার্সের। 

১৮ নভেম্বর (বুধবার) দেশটির পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এর একদিন আগেই গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণের সঙ্গে জড়িত আটটি ইসরায়েলি নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য।

অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, ইসরায়েলিদের এ ধরনের অবৈধ কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধানের’ সম্ভাবনাকে নস্যাৎ করে দিচ্ছে।
এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো নতুন বসতি স্থাপনের পরিকল্পনা, সমন্বয় এবং বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এর মধ্যে তহবিল সংগ্রহ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সহিংস বসতি স্থাপনকারীদের সহায়তা প্রদানের মতো বিষয়গুলো রয়েছে।

নিষেধাজ্ঞাপ্রাপ্তদের তালিকায় বসতি স্থাপনকারী সংগঠন ‘নাচালার’ নেত্রী ড্যানিয়েলা ওয়েইস রয়েছেন, যিনি গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার পক্ষে প্রচার চালিয়ে আসছেন। এছাড়া এলিয়াভ লিবি নামের আরেক ব্যক্তিও রয়েছেন, যিনি নিজের নির্মাণ প্রতিষ্ঠানের মাধ্যমে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ত্বরান্বিত করেছেন। এই নিষেধাজ্ঞার ফলে অস্ট্রেলিয়ার নাগরিক ও ব্যবসায়ীরা তালিকাভুক্ত ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কোনো ধরনের বাণিজ্য বা তাদের সহায়তা প্রদান করতে পারবেন না।

পেনি ওং জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ‘ই-ওয়ান’ বসতি প্রকল্পে সহিংসতার ঘটনা দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই ই-ওয়ান প্রকল্পটি বাস্তবায়িত হলে অধিকৃত পশ্চিম তীর দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে; যা ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের মূল ভূখণ্ডকে খণ্ডবিখণ্ড করে দেবে।

এদিকে প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, চলতি সপ্তাহেই অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের একটি অংশে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে। সেখানে সম্প্রতি বসতি স্থাপনকারীরা বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়ি দখল করে নিয়েছে। জাতিসংঘ এবং বিশ্বের অধিকাংশ দেশই পশ্চিম তীরে ইসরায়েলি এই বসতিগুলোকে অবৈধ বলে মনে করে, যদিও ইসরায়েল তা অস্বীকার করে আসছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান, সর্বশেষ এই নিষেধাজ্ঞার বিষয়ে তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সারের সঙ্গে কথা বলেছেন। আজ এবিসি রেডিওকে তিনি বলেন, আমি আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমি বলেছি যে আমরা এ বিষয়ে একমত নই এবং আমরা বসতি স্থাপন কার্যক্রমের বিরোধিতা করি। এ বিষয়ে আমাদের দীর্ঘদিনের একটি সুস্পষ্ট অবস্থান রয়েছে।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz