গণভোটের ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে হবে : গোলাম পরওয়ার
ঠিকানা অনলাইন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১৮:১৫
•
অনলাইন সংস্করণ
ছবি : সংগৃহীত
কোনো সংশোধন নয়, গণভোটের রায়ের ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে হবে। এটা না মানলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ১১ অক্টোবর (রবিবার) যশোরে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তৃতীয় দফার লং মার্চ সফল করতে আজ যশোরে খুলনা বিভাগের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর আগে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি ও সরকারের ভূমিকার সমালোচনা করেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, আইনি পদ্ধতি ও গণভোটের রায় এড়িয়ে একদলীয়ভাবে সংবিধান সংশোধনের উদ্যোগ জনগণ মেনে নেবে না।
লং মার্চ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, এটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি। এর মাধ্যমে জুলাই অভ্যুত্থানের পক্ষে জনমত গড়তে চান তারা।
আইনশৃঙ্খলা নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যে পুলিশকে একা চলাফেরা করতে নিষেধ করতে হচ্ছে।
দফায় দফায় জ্বালানি তেল, গ্যাসসহ নিত্যপণ্যের দাম বাড়ানোরও সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার। তার অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির কারণে সবকিছু লাগামহীন হয়ে পড়েছে।
সরকারের বিরুদ্ধে দলীয় এজেন্ডা বাস্তবায়নের অভিযোগও তোলেন এই জামায়াতনেতা। তিনি বলেন, সারের ডিলারশিপ ও দলীয়করণের মাধ্যমে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে।
আগামী ৩১ অক্টোবর শনিবার ঢাকার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে তৃতীয় দফার লং মার্চ শুরু হবে। কর্মসূচি খুলনা ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় শেষ হবে। সংবাদ সম্মেলনে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন ও যশোর জেলা কমিটির আমির সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল প্রমুখ।